করোনাভাইরাস: বিশ্বব্যাপী বেড়েছে গাঁজার চাহিদা ও দাম


গাঁজা
প্রতীকী ছবি
সুবিধা অনুযায়ী অনলাইন কিংবা অফলাইনে খুঁজে গাঁজা কিনছেন সেবনকারীরা
করোনাভাইরাস আতঙ্কে লকডাউনে শতাধিক দেশ। অতি সংক্রামক এই ভাইরাসে পৃথিবীব্যাপী আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৭ লাখ। সংক্রমণ থেকে বাঁচতে বেড়ে গেছে সাবান, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, টিস্যু পেপারের মতো জিনিসের চাহিদা। তবে অবাক করার মতো হলেও সত্যি দেশে দেশে চলা লকডাউনে বেড়ে গেছে নেশাদ্রব্য গাঁজার বিক্রি। আবার দামও বেড়েছে সমানতালে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, অনেকগুলো ইউরোপীয় দেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে গাঁজার বিক্রি আর চাহিদা অন্য যে কোনো সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছরের মার্চ-এপ্রিলের তুলনায় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে গাঁজার বিক্রি এক লাফে প্রায় ৫০% বেড়েছে। এমনকি চিকিৎসার কাজে লাগে এমন গাঁজার বিক্রিও বেড়েছে ৪১%।
এদিকে, ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের অনলাইন ভার্সন বলছে, সাম্প্রতিক সময়ের তুলনায় তাদের দেশে গাঁজার দাম বেড়েছে আড়াই গুণ পর্যন্ত। অনেক প্রতিষ্ঠানই তাদের কর্মীদের পূর্ণ বেতনে ছুটি দেওয়ায় চাহিদার পাশাপাশি দাম বাড়িয়েছেন বিক্রেতারা। যদিও ব্রিটেনে গাঁজা অবৈধ।
গত দুই সপ্তাহে কানাডায় অনলাইনে গাঁজা বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে। ওষুধ, খাদ্যদ্রব্য, টয়লেট পেপার, হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি বাড়িতে গাঁজা মজুদ করে রাখার যেন ধুম পড়েছে ইউরোপের দেশগুলোতেও।
দেশভেদে সুবিধা অনুযায়ী অনলাইন কিংবা অফলাইনে খুঁজে গাঁজা কিনছেন সেবনকারীরা। সুযোগ পেয়ে অথবা সরবরাহ কম থাকার দোহাই দিয়ে দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।

Post a Comment

0 Comments